বর্ষায় বৃষ্টির কারণে সাপের গর্ত ও ঝোপঝাড়ে পানি ঢুকে পড়ায় নিরাপদ আশ্রয়ের খোঁজে লোকালয়ের দিকে আসতে পারে সাপ। বিশেষ করে রাতের বেলা অন্ধকারে অসাবধানতাবশত সাপের কাছাকাছি চলে যাওয়ার ঝুঁকি বেশি থাকে, যা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বর্ষার সময় রাতে নিরাপদ থাকতে কিছু জরুরি সতর্কতা মেনে চলা প্রয়োজন।
বিছানা ও ঘরের সুরক্ষা
বর্ষায় মেঝেতে সরাসরি বিছানা পেতে ঘুমানো থেকে বিরত থাকুন। সম্ভব হলে খাট বা উঁচু জায়গায় ঘুমানোর অভ্যাস করুন। রাতে ঘুমানোর আগে বিছানা, বালিশ ও মশারি ভালো করে দেখে নিন। মশারির কোথাও ছিদ্র আছে কি না, তা পরীক্ষা করে নিন এবং মশারি ব্যবহারের সময় নিচ দিয়ে ভালো করে গুঁজে দিন। ঘরের দেয়াল, মেঝে বা দরজার কোনো বড় ফাটল বা গর্ত থাকলে দ্রুত তা বন্ধ করার ব্যবস্থা করুন।
চলাফেরায় সতর্কতা
রাতে বাড়ি বা আঙিনায় চলাফেরার সময় অবশ্যই টর্চ বা পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখুন। খালি পায়ে না হেঁটে জুতো ব্যবহার করা নিরাপদ। জুতো পরার আগে দেখে নিন ভেতরে কোনো কিছু লুকিয়ে আছে কি না, বিশেষ করে বাইরে রাখা জুতো ব্যবহারের সময় উল্টে ঝেড়ে নেওয়া উচিত।
পরিবেশ পরিষ্কার রাখা
বাড়ির আশপাশের ঝোপঝাড়, আবর্জনা, ইট বা কাঠের স্তূপ জমতে দেবেন না, কারণ এগুলো সাপের আশ্রয়স্থল হতে পারে। এছাড়া বাড়িতে ইঁদুরের উপদ্রব থাকলে তা নিয়ন্ত্রণ করতে হবে, কারণ ইঁদুর সাপের খাদ্য হওয়ায় সাপের আগমন ঘটার সম্ভাবনা থাকে। ঘরের দরজা-জানালায় জালের ব্যবস্থা রাখা এবং রাতে দরজা বন্ধ রাখা জরুরি।
সাপ দেখলে যা করবেন
বাড়িতে বা আশেপাশে সাপ দেখতে পেলে নিজে থেকে সেটি ধরার চেষ্টা করবেন না কিংবা লাঠি দিয়ে খোঁচাবেন না। সাপকে উত্তেজিত না করে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। প্রয়োজনে স্থানীয় প্রশিক্ষিত উদ্ধারকারী বা বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সাহায্য নিন। এই ছোট ছোট সচেতনতাগুলোই বর্ষার রাতে সাপের আক্রমণ থেকে রক্ষা পেতে সাহায্য করতে পারে।