যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ে উচ্চ রক্তচাপের একটি গোপন কারণ শনাক্ত করেছেন গবেষকরা, যা প্রচলিত রক্ত পরীক্ষায় প্রায়ই ধরা পড়ে না। গবেষকদের মতে, রাতে ঘুমের মধ্যে হরমোনের বিশেষ নিঃসরণ উচ্চ রক্তচাপের অন্যতম কারণ হতে পারে। এই আবিষ্কারটি প্রাইমারি অ্যালডোস্টেরোনিজম নামের একটি হরমোনজনিত জটিলতা শনাক্তকরণে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
প্রাইমারি অ্যালডোস্টেরোনিজম উচ্চ রক্তচাপে ভোগা প্রতি পাঁচজনের মধ্যে একজনের হতে পারে বলে ধারণা করা হয়। এই রোগটি হৃদরোগ, স্ট্রোক এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। ব্রিস্টল ও ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় এবং স্টকহোম ও এথেন্সের গবেষকরা এই গবেষণায় অংশ নেন।
সাধারণত দিনের বেলায় রক্ত পরীক্ষা করা হয়, কিন্তু এই গবেষণায় দেখা গেছে, আক্রান্ত ব্যক্তিদের শরীরে রাতে ঘুমের সময়ও হরমোনের অস্বাভাবিক ঢেউ বা নিঃসরণ ঘটে। প্রচলিত স্বাস্থ্য পরীক্ষায় এই অংশটি বাদ পড়ে যাওয়ার কারণে অনেক সময় রোগটি সঠিক সময়ে নির্ণয় করা সম্ভব হয় না।
গবেষকরা ‘ইউ-রিদম’ (U-RHYTHM) নামের একটি বহনযোগ্য ও পরিধানযোগ্য যন্ত্র ব্যবহার করেছেন। মোবাইল ফোনের আকারের এই যন্ত্রটি কোমরে আটকে রেখে ২৪ ঘণ্টা হরমোনের মাত্রা পর্যবেক্ষণ করা হয়। এতে রোগীরা তাদের স্বাভাবিক জীবনযাত্রা বজায় রেখেই চিকিৎসকদের প্রয়োজনীয় তথ্য দিতে সক্ষম হন।
গবেষণার সহ-প্রধান ড. থমাস আপটন জানান, উচ্চ রক্তচাপের একটি গুরুত্বপূর্ণ কারণ হলো প্রাইমারি অ্যালডোস্টেরোনিজম, যা দীর্ঘকাল ধরে শনাক্ত না হওয়ায় রোগীদের দীর্ঘমেয়াদী ভোগান্তির শিকার হতে হয়। নিয়মিত রক্ত পরীক্ষার পরিবর্তে এভাবে হরমোনের ছন্দ পর্যবেক্ষণ করলে আগেভাগে রোগ নির্ণয় করা সহজ হবে।
গবেষক দলের দাবি, শরীরে অ্যালডোস্টেরন হরমোনের নিঃসরণ সব সময় এক থাকে না। অনেক সময় হরমোনের মাত্রা স্বাভাবিকের নিচে নেমে যায়, ফলে একটি নির্দিষ্ট সময়ের রক্ত পরীক্ষায় তা ধরা পড়ে না। নতুন এই প্রযুক্তি রাতের বেলা হরমোনের সেই গোপন ছন্দটি শনাক্ত করতে পারছে, যা আধুনিক চিকিৎসা ব্যবস্থায় উচ্চ রক্তচাপের ঝুঁকি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।