ঢাকাFriday , 18 September 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় শিশুদের বিরল ক্যান্সার: আতঙ্কিত এলাকাবাসী


September 17, 2026 4:15 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লদেরা র‍্যাঞ্চ এলাকায় অন্তত ছয়জন শিশুর শরীরে ইউইং সারকোমা নামক বিরল হাড়ের ক্যান্সার শনাক্ত হওয়ার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এই ঘটনায় পরিবেশগত ঝুঁকির বিষয়টি সামনে এনে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো। যদিও দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাননি।

ইউইং সারকোমা মূলত হাড় বা এর কাছাকাছি নরম টিস্যুতে হওয়া একটি বিরল ক্যান্সার, যা সাধারণত কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে দেখা যায়। মার্চ মাসে ব্রোডি ম্যাটেসন নামে ১৭ বছর বয়সী এক কিশোরের মৃত্যুর পর বাসিন্দারা প্রকাশ্যে বিষয়টি নিয়ে কথা বলা শুরু করেন।

স্থানীয় বাসিন্দাদের মধ্যে অনেকেরই সন্দেহ, এলাকাটিতে নিয়মিত কীটনাশক ও হার্বিসাইড ব্যবহারের ফলে শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে। স্থানীয়দের উদ্বেগের পরিপ্রেক্ষিতে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্বাস্থ্য বিভাগ এই অঞ্চলে ক্যান্সারের ঘটনার ওপর একটি নতুন মূল্যায়ন শুরু করেছে, যা ২০২৬ সালের শরৎকালে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

লস অ্যাঞ্জেলেসের সিটি অফ হোপ হাসপাতালের শিশুরোগ ক্যান্সার বিশেষজ্ঞ ডা. জ্যানেট ইউন জানিয়েছেন, নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় একই ধরনের বিরল ক্যান্সারের ঘটনা উদ্বেগের সৃষ্টি করে। তিনি জানান, ইউইং সারকোমার সুনির্দিষ্ট জিনগত বা পরিবেশগত কারণ এখনো নিশ্চিত নয়, তবে চলমান পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের দাবি রাখে।

পরিবেশগত কারণ অনুসন্ধানে ক্যালিফোর্নিয়া স্টেট ফুলারটনের গবেষকরা গত ১৪ সেপ্টেম্বর থেকে স্থানীয় পার্কগুলোর মাটি ও পানির নমুনা সংগ্রহ শুরু করেছেন। ভারী ধাতু বা কীটনাশকের উপস্থিতি আছে কি না, তা পরীক্ষার জন্য এই নমুনাগুলো ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে।

লদেরা র‍্যাঞ্চ মেইনটেন্যান্স কর্পোরেশন (লারম্যাক) জানিয়েছে, তারা বাসিন্দাদের উদ্বেগের বিষয়টি গুরুত্বের সাথে দেখছে। সতর্কতা হিসেবে তারা ল্যান্ডস্কেপিংয়ে সিন্থেটিক কীটনাশকের ব্যবহার কমিয়ে জৈব কীটনাশক প্রয়োগ শুরু করেছে এবং পরিস্থিতির ওপর নজর রাখছে।