চীনের বেইজিংয়ে অবস্থিত চায়নিজ একাডেমি অব সায়েন্সেসের গবেষকরা জানিয়েছেন, এশিয়ার উচ্চ পার্বত্য অঞ্চল, যা ‘এশিয়ান ওয়াটার টাওয়ার’ নামে পরিচিত, সেখান থেকে প্রতি বছর প্রায় ২৪.২ বিলিয়ন টন ভূগর্ভস্থ পানি কমে যাচ্ছে। অধ্যাপক শুডং ওয়াংয়ের নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি এনভায়রনমেন্টাল রিসার্চ লেটার্স জার্নালে প্রকাশিত হয়েছে। গঙ্গা-ব্রহ্মপুত্র, সিন্ধু এবং আমু দরিয়াসহ ঘনবসতিপূর্ণ কৃষিপ্রধান অঞ্চলগুলোর পানির নিরাপত্তা ও বাস্তুসংস্থানের জন্য এই পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং স্যাটেলাইট ডেটা ব্যবহার করে ২০০৩ থেকে ২০২০ সাল পর্যন্ত ভূগর্ভস্থ পানির মজুতের পরিবর্তন বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ওই অঞ্চলের প্রায় দুই-তৃতীয়াংশ এলাকায় পানির স্তর নিচে নেমে গেছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি কৃষি কাজে সেচের জন্য ভূগর্ভস্থ পানির অতিরিক্ত উত্তোলন এই সংকটকে আরও ত্বরান্বিত করেছে।
গবেষকদের মতে, গলে যাওয়া হিমবাহ থেকে প্রাপ্ত পানি ২০৬০ সালের দিকে সাময়িকভাবে ভূগর্ভস্থ পানির ঘাটতি কিছুটা পূরণ করতে পারে। তবে পানির ব্যবহার বর্তমান ধারায় অব্যাহত থাকলে এরপর এই ঘাটতি আরও ভয়াবহ আকার ধারণ করবে। পার্বত্য অঞ্চলের বন্ধুর ভূপ্রকৃতি এবং তথ্যের সীমাবদ্ধতা কাটিয়ে এই গবেষণায় পানির মজুত হ্রাসের সুনির্দিষ্ট কারণগুলো চিহ্নিত করা হয়েছে।