ঢাকাSaturday , 22 August 2026
  1. অর্থনীতি
  2. আইন ও বিচার
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. খেলা
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. জাতীয়
  9. ধর্মীয় সম্প্রীতি
  10. পরিবেশ ও কৃষি
  11. প্রযুক্তি
  12. বিনোদন
  13. বিশেষ প্রতিবেদন
  14. বিশ্ব
  15. ভিডিও
আজকের সর্বশেষ সব খবর

টিকার কার্যকারিতা আগেভাগেই বলে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা


August 22, 2026 6:15 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে টিকার কার্যকারিতা আগেভাগে শনাক্ত করার একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষক দলের প্রধান জশুয়া লাবেয়ার জানান, টিকা দেওয়ার আগেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা কার্যকর হবে, তা এআইয়ের মাধ্যমে পূর্বাভাস দেওয়া সম্ভব। এটি ভবিষ্যতে ব্যক্তিগত পর্যায়ের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গবেষণাটিতে ৪ হাজারেরও বেশি মানুষের রক্তের নমুনা বিশ্লেষণ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, টিকা দেওয়ার আগে শরীরের রক্তে থাকা অ্যান্টিবডির কিছু নির্দিষ্ট প্যাটার্ন বা ‘ফিঙ্গারপ্রিন্ট’ দেখে বোঝা যায়, টিকাটি ওই ব্যক্তির শরীরে কতটা শক্তিশালী প্রতিক্রিয়া তৈরি করবে।

সাধারণত টিকা দেওয়ার পর শরীরে অ্যান্টিবডির উপস্থিতি মেপে কার্যকারিতা যাচাই করা হয়। তবে এই পদ্ধতিতে টিকা দেওয়ার আগেই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ‘ইমিউন রেডিনেস’ পরীক্ষা করা সম্ভব। গবেষণায় দেখা গেছে, সব সময় সুস্থ ব্যক্তিরাই যে ভালো সাড়া দেয় তা নয়, আবার অনেক সময় রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিদের শরীরেও শক্তিশালী অ্যান্টিবডি তৈরি হতে পারে।

গবেষকরা রক্তে ১৮৫ ধরনের অ্যান্টিজেন শনাক্ত করতে সক্ষম এমন অ্যান্টিবডি পর্যবেক্ষণ করেছেন। বিশেষ করে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াসসহ কিছু সাধারণ জীবাণুর বিরুদ্ধে থাকা অ্যান্টিবডিগুলো টিকার ভালো সাড়া পাওয়ার ক্ষেত্রে সংকেত হিসেবে কাজ করে। গবেষকদের মতে, এই এআই পদ্ধতিটি ব্যবহারের মাধ্যমে চিকিৎসকরা টিকার ডোজ নির্ধারণ বা পরবর্তী সুরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আরও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন।