বাংলাদেশের সাতক্ষীরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালসহ যেসব আদালতে বিচারক নেই, সেসব পদে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরার উদ্যোগে এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।
ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের জয়েন্ট কনভেনার মাধব দত্তের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন নেটওয়ার্কের আহ্বায়ক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং জেলা নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন বেলাল। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন নেটওয়ার্কের সদস্যসচিব অ্যাডভোকেট মনিরুদ্দিন।
বক্তারা বলেন, আদালতে বিচারক না থাকায় বিচারপ্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা তৈরি হওয়ায় সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার পথ রুদ্ধ হয়ে পড়ছে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ এখন সময়ের দাবি বলে তারা উল্লেখ করেন। শূন্য পদে দ্রুত বিচারক নিয়োগের মাধ্যমে বিচারিক কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সদস্য, আইনজীবী, মানবাধিকারকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।