যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় ড্যান্ডেলিয়ন উদ্ভিদটি সাধারণ আগাছা হিসেবে পরিচিত হলেও এটি পুষ্টিগুণে ভরপুর। স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথ ডট কম-এর প্রতিবেদনে জানানো হয়েছে, এই উদ্ভিদের মূল থেকে শুরু করে পাতা পর্যন্ত প্রতিটি অংশ মানবদেহের জন্য কার্যকর।
ড্যান্ডেলিয়ন অ্যান্টি-অক্সিডেন্টের চমৎকার উৎস, যা শরীরের ফ্রি র্যাডিক্যালস প্রতিরোধে সহায়তা করে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে এবং দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে ভূমিকা রাখে। এছাড়া হজম প্রক্রিয়ার উন্নতি ও লিভারের কার্যক্ষমতা বৃদ্ধিতেও এর নির্যাস উপকারী।
পুষ্টিবিদদের মতে, ড্যান্ডেলিয়ন পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং কে রয়েছে। সেই সঙ্গে এতে আয়রন, ক্যালসিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজ উপাদানও পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। তবে কোনো স্বাস্থ্যগত সমস্যায় এটি ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।