যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন যে সব সময় শরীর গরম অনুভূত হওয়ার পেছনে বেশ কিছু স্বাস্থ্যগত কারণ থাকতে পারে। শরীরের তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সমস্যা হলে বা অভ্যন্তরীণ কোনো পরিবর্তনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়।
কেন এমনটা ঘটে
শরীরে হরমোনের ভারসাম্যহীনতা অতিরিক্ত গরম অনুভবের একটি প্রধান কারণ হতে পারে। বিশেষ করে থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত সক্রিয়তা বা হাইপারথাইরয়েডিজম শরীরকে অকারণে গরম করে তুলতে পারে।
এ ছাড়া মানসিক উদ্বেগ বা চাপের কারণেও শরীরে তাপমাত্রা বৃদ্ধির অনুভূতি হতে পারে। রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া থাকলে শরীর পর্যাপ্ত অক্সিজেন পায় না, যার ফলে ক্লান্তি ও অতিরিক্ত গরম লাগার প্রবণতা দেখা দেয়।
কিছু নির্দিষ্ট ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার ফলেও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ প্রক্রিয়া ব্যাহত হতে পারে। নিয়মিত শরীরচর্চার অভাব, ওজন বৃদ্ধি এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন থাকলেও অনেকে সবসময় গরম অনুভব করে থাকেন।
নারীদের ক্ষেত্রে মেনোপজ বা প্রজনন স্বাস্থ্যের পরিবর্তনের সময় হরমোনের উঠানামার কারণে হট ফ্লাশ বা হঠাৎ শরীর গরম হয়ে যাওয়ার সমস্যা দেখা দেওয়া স্বাভাবিক।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, যদি কোনো কারণ ছাড়াই দীর্ঘ সময় ধরে শরীর অস্বাভাবিক গরম অনুভূত হয়, তবে নির্দিষ্ট রক্ত পরীক্ষা এবং শারীরিক পর্যবেক্ষণের মাধ্যমে এর মূল কারণ শনাক্ত করা জরুরি।