বাংলাদেশের রান্নাঘরে নিয়মিত মেনু ডিমের ঝোল বা কষার স্বাদ বদলে নতুন কিছু আনতে চাইলে ঘরেই তৈরি করা সম্ভব হারিয়ালি ডিমের কারি। পুদিনা, ধনেপাতা, কাঁচা মরিচ ও বিভিন্ন মশলায় তৈরি এই সবুজ গ্রেভির পদটি দেখতে যেমন আকর্ষণীয়, স্বাদেও তেমনি অনন্য। গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে এই খাবারটি বেশ উপভোগ্য।
প্রয়োজনীয় উপকরণ
রান্নার জন্য ৬টি সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে গায়ে হালকা চিরে রাখতে হবে। সবুজ পেস্ট তৈরির জন্য ১ কাপ পুদিনাপাতা, ১ কাপ ধনেপাতা, ৪-৫টি কাঁচা মরিচ, ১ ইঞ্চি আদা ও ৫-৬ কোয়া রসুন প্রয়োজন। এছাড়া একটি মাঝারি পেঁয়াজ কুচি ও ২ টেবিল চামচ টক দই লাগবে। মশলার তালিকায় আছে আধা চা চামচ করে জিরা, ধনে ও গরম মশলার গুঁড়া। ফোড়নের জন্য ২টো ছোট এলাচ, ১টি দারুচিনি, ২-৩টি লবঙ্গ, ১টি তেজপাতা এবং ৩ টেবিল চামচ তেল প্রয়োজন। রান্নায় পরিমাণমতো লবণ, সামান্য চিনি ও আধা কাপ উষ্ণ জল ব্যবহার করতে হবে।
প্রস্তুত প্রণালী
প্রথমে পুদিনা, ধনেপাতা, কাঁচা মরিচ, আদা ও রসুন একসঙ্গে ব্লেন্ড করে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর সেদ্ধ ডিমে লবণ ও হলুদ মাখিয়ে তেলে হালকা সোনালি করে ভেজে তুলে রাখতে হবে। একই তেলে তেজপাতা, এলাচ, দারুচিনি ও লবঙ্গ ফোড়ন দিতে হবে। মশলা থেকে সুগন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজতে হবে।
এরপর তৈরি করে রাখা সবুজ পেস্ট দিয়ে মাঝারি আঁচে কষাতে হবে। কাঁচা গন্ধ চলে গেলে জিরা, ধনে গুঁড়া, লবণ ও চিনি মেশাতে হবে। আঁচ কমিয়ে ফেটানো টক দই দিয়ে ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়। শেষে উষ্ণ পানি দিয়ে ঝোল ফুটে উঠলে ডিমগুলো দিয়ে ৪-৫ মিনিট ঢাকা দিয়ে রান্না করতে হবে। নামানোর আগে গরম মশলার গুঁড়া ছড়িয়ে চুলা বন্ধ করে পরিবেশন করতে হবে সুগন্ধি হারিয়ালি ডিমের কারি।